বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার: শীর্ষে রোনালদো, দুইয়ে মেসি

reporter
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার: শীর্ষে রোনালদো, দুইয়ে মেসি

বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার: শীর্ষে রোনালদো, দুইয়ে মেসি

ফিফা বিশ্বকাপ ২০২৬ নানা দিক থেকেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকা ফুটবলারেরাও।

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস গত ১২ মাসের আয় বিবেচনায় বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় আছেন বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা থেকে শুরু করে নতুন প্রজন্মের আলোচিত খেলোয়াড়রাও।

১০. হ্যারি কেইন (ইংল্যান্ড)
বার্ষিক আয়: ৪ কোটি ১০ লাখ ডলার

ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন তালিকার দশম স্থানে রয়েছেন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ১১৩ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করেছেন। গত ১২ মাসে তাঁর আয় দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ডলার। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জয়ী কেইন ২০২৬ সালে ক্লাব ও দেশের হয়ে ইতোমধ্যে ৩২ গোল করেছেন।

৯. লামিনে ইয়ামাল (স্পেন)
বার্ষিক আয়: ৪ কোটি ৩০ লাখ ডলার

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন। কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, ভিসা ও পাওয়ারেডের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তির কারণে তাঁর আয় দ্রুত বেড়েছে। গত এক বছরে তিনি আয় করেছেন ৪ কোটি ৩০ লাখ ডলার।

৮. জুড বেলিংহাম (ইংল্যান্ড)
বার্ষিক আয়: ৪ কোটি ৪০ লাখ ডলার

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছেন। ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে নজর কাড়ার পর ১০ কোটি ডলারের ট্রান্সফারে রিয়ালে যোগ দেন তিনি। গত ১২ মাসে তাঁর আয় ৪ কোটি ৪০ লাখ ডলার।

৭. সাদিও মানে (সেনেগাল)
বার্ষিক আয়: ৫ কোটি ৪০ লাখ ডলার

সেনেগালের অধিনায়ক সাদিও মানে চলতি বছরে আফ্রিকা কাপ অব নেশনস ও সৌদি প্রো লিগ জিতেছেন। ২০২২ বিশ্বকাপ চোটের কারণে মিস করলেও এবার বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন। তাঁর বার্ষিক আয় ৫ কোটি ৪০ লাখ ডলার।

৬. মোহাম্মদ সালাহ (মিসর)
বার্ষিক আয়: ৫ কোটি ৫০ লাখ ডলার

লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ তালিকায় ষষ্ঠ স্থানে। লিভারপুলের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পর নতুন গন্তব্যের দিকে এগোচ্ছেন তিনি। গত এক বছরে তাঁর আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার।

৫. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
বার্ষিক আয়: ৬ কোটি ডলার

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের অন্যতম ভরসা ভিনিসিয়ুস জুনিয়র গত ১২ মাসে আয় করেছেন ৬ কোটি ডলার। যদিও তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা উচিত নয়।

৪. আর্লিং হলান্ড (নরওয়ে)
বার্ষিক আয়: ৮ কোটি ডলার

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ডের চাহিদা ইউরোপজুড়ে। রিয়াল মাদ্রিদও তাঁকে দলে ভেড়াতে আগ্রহী বলে খবর রয়েছে। গত ১২ মাসে হলান্ডের আয় হয়েছে ৮ কোটি ডলার।

৩. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
বার্ষিক আয়: ৯ কোটি ৫০ লাখ ডলার

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকাদের একজন। রিয়াল মাদ্রিদের এই তারকা গত এক বছরে আয় করেছেন ৯ কোটি ৫০ লাখ ডলার। বিশ্বকাপে গোলসংখ্যার দিক থেকেও তিনি ইতিহাসের সেরাদের একজন হওয়ার পথে।

২. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বার্ষিক আয়: ১৪ কোটি ডলার

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই মহাতারকা গত ১২ মাসে আয় করেছেন ১৪ কোটি ডলার। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১১০ কোটি ডলার। বিশ্বকাপে চারটি গোল করতে পারলে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দিতে পারবেন তিনি।

১. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
বার্ষিক আয়: ৩০ কোটি ডলার

বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। গত ১২ মাসে তাঁর আয় হয়েছে অবিশ্বাস্য ৩০ কোটি ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১২০ কোটি ডলার। পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের একজন হিসেবেও নিজের অবস্থান ধরে রেখেছেন।

বিশ্বকাপের মাঠে কে কতটা সফল হবেন, সেটি সময়ই বলে দেবে। তবে আয়ের হিসেবে এবারের আসরে সবচেয়ে বড় তারকার আসনে বসে আছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন