গ্রামীণফোন চালু করলো ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক, বাড়বে 5G গতি ও ইনডোর কভারেজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
গ্রামীণফোন চালু করলো ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক, বাড়বে 5G গতি ও ইনডোর কভারেজ

গ্রামীণফোন চালু করলো ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক

২৪৩

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করলো গ্রামীণফোন। প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ (MHz) স্পেকট্রাম ব্যান্ড চালু করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটরটি। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে গ্রাহকরা আরও উন্নত নেটওয়ার্ক কভারেজ, দ্রুতগতির মোবাইল ইন্টারনেট এবং নিরবচ্ছিন্ন সংযোগ সুবিধা পাবেন।

রাজধানীর একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, ৭০০ মেগাহার্টজ একটি ‘লো-ব্যান্ড স্পেকট্রাম’, যা তুলনামূলক কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বড় এলাকায় নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম। পাশাপাশি ভবনের ভেতরে বা ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল সিগন্যাল প্রবেশের ক্ষমতাও এই ব্যান্ডে অনেক বেশি। ফলে গ্রাহকরা ইনডোর কভারেজে উল্লেখযোগ্য উন্নতি অনুভব করতে পারেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু হওয়া বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি যুক্তরাষ্ট্রে ২০১১ সালে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, স্মার্টফোনভিত্তিক ডেটা ব্যবহারের বিস্ফোরণ সামাল দিতে সে সময় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, এই স্পেকট্রামের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল এবং ভবনের ভেতরে নেটওয়ার্ক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এর ফলে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য ভয়েস কল, উন্নত মোবাইল ডেটা সেবা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সহজ প্রবেশাধিকার পাবেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, দেশের কোটি কোটি গ্রাহকের জন্য সর্বোত্তম নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করা হয়েছে। তিনি জানান, নতুন এই স্পেকট্রাম 4G নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তির জন্যও শক্ত ভিত্তি তৈরি করবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে মোবাইল ডেটা ব্যবহারের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভিডিও স্ট্রিমিং, অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ক্লাউড সেবা এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের কারণে শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামোর প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেড়েছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর ফলে অপারেটররা কম খরচে আরও বিস্তৃত এলাকায় উচ্চমানের নেটওয়ার্ক সেবা দিতে পারবে।

এছাড়া গ্রামীণ অঞ্চলে নেটওয়ার্ক দুর্বলতার অভিযোগও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় উচ্চ ফ্রিকোয়েন্সির নেটওয়ার্ক সিগন্যাল পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়, সেখানে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার শুধু বর্তমান 4G সেবার মানই বাড়াবে না, বরং আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: গ্রামীণফোন

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন