ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে নাগরদোলা ভেঙে ৫ শিশু আহত উপচে পড়া ভিড়ের মধ্যে হঠাৎ দুর্ঘটনা, একজনের অবস্থা আশঙ্কাজনক
ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে অন্তত পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। শুক্রবার (১ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল ফটকসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যার পর থেকেই পার্কে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। বেশ কয়েকজন শিশু-কিশোর নাগরদোলায় ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটি অংশ বিকট শব্দে ভেঙে নিচে পড়ে যায়। এতে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই পুরো পার্ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জবাইদুল ইসলাম জানান, আহত পাঁচজনের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারি ও তদারকির অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পার্ক এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ নাগরদোলা বসিয়ে দৈনিক চাঁদার ভিত্তিতে ব্যবসা চালানো হচ্ছে। একাধিকবার উচ্ছেদের দাবি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
Array