মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, আজ থেকে বাড়ছে রাতের ট্রেন চলাচলের সময়

প্রকাশিত: 07-06-2026 2:14 AM
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, আজ থেকে বাড়ছে রাতের ট্রেন চলাচলের সময়

রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মেট্রোরেল। প্রতিদিন লাখো যাত্রী এই পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করছেন। তাদের জন্য এবার এলো নতুন সুখবর। যাত্রীদের চাহিদা এবং চলাচলের সুবিধা বিবেচনায় মেট্রোরেলের রাতের সেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য ট্রেন ও মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড় ঘোষণা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে উভয় দিকেই মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বৃদ্ধি করা হয়েছে। ফলে অফিস শেষে কিংবা রাতের দিকে যাতায়াতকারী যাত্রীরা আগের তুলনায় আরও বেশি সময় মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বর্ধিত সময়সূচি অনুযায়ী এখন থেকে মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে। এর আগে এই ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে দিনের শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত ৯টা ৩০ মিনিট।

মেট্রোরেল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে অফিসগামী, ব্যবসায়ী এবং রাতের দিকে বিভিন্ন কাজে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন সময়সূচি কার্যকরের আগে প্রায় এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। যাত্রী সংখ্যা, পরিচালন সক্ষমতা এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনার পরই সময় বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। তবে এটি মেট্রোরেলের সময় বৃদ্ধির চূড়ান্ত ধাপ নয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, যাত্রীদের সাড়া এবং ব্যবহার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সূত্রগুলো জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে মতিঝিল থেকে রাত ১১টা পর্যন্ত এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালুর বিষয়টিও বিবেচনায় ছিল। তবে একবারেই বড় পরিবর্তন না এনে ধাপে ধাপে সময় বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। কারণ অতিরিক্ত সময়ের ট্রেনে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগেও যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। গত বছরের অক্টোবরে সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু এবং রাতেও অতিরিক্ত আধা ঘণ্টা সময় বাড়ানো হয়। সেই সিদ্ধান্তের পর যাত্রীসংখ্যা আরও বৃদ্ধি পায় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

বর্তমানে রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে মেট্রোরেল। ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে পর্যায়ক্রমে সম্প্রসারণের মাধ্যমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু করা হয়।

বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। যানজটমুক্ত, সময় সাশ্রয়ী এবং তুলনামূলক আরামদায়ক হওয়ায় দিন দিন এই পরিবহন ব্যবস্থার জনপ্রিয়তা বাড়ছে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে রাজধানীর আরও বেশি মানুষ রাতের বেলায় মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র:-bvnews24

আরও পড়ুন-বিকাশ দিয়ে মেট্রোরেল কার্ড রিচার্জ করার নিয়ম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার হিসেবে আমি 'টেক বাংলা নিউজ' (ssitbari.com)-এ নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ও আপডেটেড কনটেন্ট প্রকাশ করি। প্রযুক্তি, মোবাইল, গ্যাজেটসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরা আমার লক্ষ্য। নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও উপকারী টিপসের মাধ্যমে পাঠকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now