বিশ্বব্যাপী বৈদ্যুতিক যানবাহনের জনপ্রিয়তা বাড়তে থাকায় এবার নতুন আকর্ষণীয় ই-বাইক উন্মোচন করেছে চীনা ই-মোবিলিটি ব্র্যান্ড Heybike। ‘স্যাটার্ন’ নামের নতুন এই মপেড-স্টাইল ই-বাইকটি তুলনামূলক কম দামে শক্তিশালী মোটর, ফুল সাসপেনশন এবং দীর্ঘ রেঞ্জের সুবিধা নিয়ে বাজারে এসেছে।
সম্প্রতি বৈশ্বিক বাজারে উন্মোচন করা হয়েছে Heybike Saturn নামের নতুন ই-বাইকটি। মোটরসাইকেল–অনুপ্রাণিত ডিজাইন, লম্বা বেঞ্চ সিট এবং মোটা ফ্যাট টায়ারের কারণে এটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমী ও তরুণ ব্যবহারকারীদের নজর কাড়ছে।
হেইবাইক জানিয়েছে, এটি তাদের প্রথম রেট্রো মোটরসাইকেল স্টাইলের ই-বাইক। নতুন মডেলটিতে ব্যবহার করা হয়েছে ১০০০ ওয়াটের রিয়ার হাব মোটর, যা সর্বোচ্চ ১৮০০ ওয়াট পর্যন্ত পিক পাওয়ার দিতে সক্ষম। পাশাপাশি এতে রয়েছে ৯৫ নিউটন মিটার টর্ক, যা দ্রুত গতি ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।
ই-বাইকটি সাধারণভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে নির্দিষ্ট সেটিং আনলক করলে এর গতি ৬৪ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানিয়েছে কোম্পানিটি। এ কারণে এটি ক্লাস ৩ ই-বাইক হিসেবেও পরিচিত।
ব্যাটারির ক্ষেত্রেও ব্যবহারকারীদের জন্য দুটি অপশন রেখেছে হেইবাইক। একটি হলো ৯৫৭ ওয়াট-আওয়ারের সিঙ্গেল ব্যাটারি প্যাক, অন্যটি ডুয়াল ব্যাটারি সেটআপ, যার মোট ক্ষমতা ১৯৩১.৬ ওয়াট-আওয়ার।
কোম্পানির দাবি, সিঙ্গেল ব্যাটারিতে ই-বাইকটি সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। আর ডুয়াল ব্যাটারি ব্যবহার করলে রেঞ্জ বেড়ে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে।
রাইডিং অভিজ্ঞতা আরও আরামদায়ক করতে ই-বাইকটিতে দেওয়া হয়েছে ফুল সাসপেনশন সিস্টেম। এতে রয়েছে ১৪০ মিলিমিটার হাইড্রোলিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার স্প্রিং সাসপেনশন। পাশাপাশি নিরাপত্তার জন্য হাইড্রোলিক ডিস্ক ব্রেকও যুক্ত করা হয়েছে।
স্যাটার্ন ই-বাইকটিতে ২০×৪ ইঞ্চির চাওইয়াং ফ্যাট টায়ার ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন ধরনের রাস্তা ও অফ-রোড পরিবেশে ভালো গ্রিপ দিতে সক্ষম। এছাড়া সর্বোচ্চ প্রায় ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে ই-বাইকটি।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও বেশ আধুনিক ফিচার যুক্ত করেছে হেইবাইক। এতে রয়েছে রঙিন TFT ডিসপ্লে, যেখানে স্পিড, ব্যাটারির চার্জ ও অন্যান্য তথ্য দেখা যাবে। এছাড়া স্মার্টফোন অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম স্পিড, দূরত্ব এবং ব্যাটারির তথ্য পর্যবেক্ষণ করা যাবে।
ই-বাইকটিতে আরও রয়েছে টার্ন সিগন্যাল, হেডলাইট, টেইললাইট, হর্ন এবং পানি প্রতিরোধী ডিজাইন। IPX6/IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকায় বৃষ্টিতেও এটি ব্যবহার করা যাবে।
বিশ্ববাজারে নতুন Heybike Saturn–এর দাম রাখা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার। বর্তমানে এটি কালো রঙে পাওয়া যাচ্ছে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি কেনা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম দামে শক্তিশালী মোটর ও দীর্ঘ রেঞ্জের সুবিধা থাকায় নতুন এই ই-বাইক তরুণ ব্যবহারকারী এবং ডেলিভারি রাইডারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠতে পারে।










