আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ঈদের ট্রেন টিকিটে বড় প্রতারণা, সতর্ক করল রেলওয়ে

প্রকাশিত: 14-05-2026 2:08 AM
ঈদের ট্রেন টিকিটে বড় প্রতারণা, সতর্ক করল রেলওয়ে

আসন্ন ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন প্রতারকচক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিশ্চিত টিকিট’ দেওয়ার নামে সাধারণ যাত্রীদের ফাঁদে ফেলার অভিযোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক করে নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুনঃ- ঈদুল আজহায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

আজ বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা উপলক্ষে বর্তমানে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। শুধুমাত্র রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম থেকে টিকিট বিক্রি করা হচ্ছে না।

রেলওয়ের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকিট নিশ্চিত করার প্রলোভন দেখাচ্ছে। অথচ বাস্তবে তাদের কাছে কোনো বৈধ টিকিট থাকে না। অনেক ক্ষেত্রেই তারা বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে দেয় প্রতারকরা।

রেলওয়ে জানিয়েছে, একটি নিবন্ধিত আইডি ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায়। তবে এ ক্ষেত্রে মূল যাত্রীর পাশাপাশি সহযাত্রীদের নামও সিস্টেমে যুক্ত করা বাধ্যতামূলক। এছাড়া যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকিট কেনা হবে, ভ্রমণের সময় তাকেই সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও ছবি সম্বলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টিকিটে উল্লিখিত যাত্রী ছাড়া অন্য কেউ সেই টিকিট ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

রেলওয়ে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ যদি অন্যের আইডিতে টিকিট সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিংবা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির চেষ্টা করে, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে।

এ ধরনের অভিযোগের ক্ষেত্রে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি) সহায়তা করবে বলেও জানানো হয়েছে। এছাড়া রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবছর ঈদ মৌসুমে ট্রেনের টিকিট নিয়ে বাড়তি চাপ তৈরি হয়। সেই সুযোগে অনলাইনে সক্রিয় বিভিন্ন প্রতারকচক্র সাধারণ যাত্রীদের টার্গেট করে থাকে। তাই বাড়তি টাকা বা দ্রুত টিকিট পাওয়ার লোভে পড়ে অননুমোদিত মাধ্যম ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

📌 সূত্রঃ বাংলাদেশ রেলওয়ে

আরও পড়ুনঃ- অনলাইনে টিকিট কাটার অ্যাপস | বাস, ট্রেন, লঞ্চ ও বিমান টিকিট বুকিং সহজ উপায়

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে– ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

টেক রিপোর্টার

প্রযুক্তি, স্মার্টফোন, গ্যাজেট ও ডিজিটাল বিশ্বের নতুন সব খবর নিয়ে নিয়মিত লেখালেখি করি। নতুন স্মার্টফোন, দরকারি টেক টিপস, অ্যাপস, ইন্টারনেট ও অনলাইন বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সহজ এবং নির্ভরযোগ্যভাবে পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তিকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now