বাহরাইনের বাইরে থেকেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
বাহরাইনের বাইরে থেকেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর এসেছে। বাহরাইন সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে জানিয়েছে, দেশটির বাইরে অবস্থান করলেও বাংলাদেশি প্রবাসীরা এখন তাদের ভিসা নবায়ন করতে পারবেন।
আরও পড়ুন-বিশ্ব পাসপোর্ট র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের
মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস মানামা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা Labour Market Regulatory Authority (LMRA)–এর অধীনে রয়েছে, তারা বাহরাইনে অবস্থানরত কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তির মাধ্যমে এলএমআরএ-এর নিবন্ধন কেন্দ্রগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আবেদন করা যাবে।
দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তিনি এই পদ্ধতির মাধ্যমে ভিসা নবায়নের আবেদন করতে পারবেন। এতে অনেক প্রবাসীর জন্য বড় ধরনের সুবিধা তৈরি হয়েছে।
তবে ভিসা নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।
অন্যদিকে যেসব প্রবাসীর ভিসা কোনো কোম্পানি বা সিআর (কমার্শিয়াল রেজিস্ট্রেশন)–এর অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্পন্সর বা কোম্পানির কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তারাও একইভাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করবেন।
আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন যাচাই করা হবে। এরপর পেমেন্ট সংক্রান্ত বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করলে ভিসা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে।
দূতাবাস প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন না করে দেরি করা উচিত নয়। কারণ ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে।
জরুরি কোনো প্রয়োজনে বা সহায়তার জন্য প্রবাসীদের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক উপদেষ্টা লাল কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন
আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
