২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
সরকারি স্বাস্থ্যসেবা জোরদারে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার।
দেশের সরকারি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকারি পর্যায়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় আসতে না হয়, সে লক্ষ্যেই জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও কার্যকর করে তোলা হচ্ছে। এজন্য হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিনিয়র চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে গিয়ে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এতে রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হাসপাতাল ও স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
