অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
নারী শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের
নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নারীদের শিক্ষার অগ্রগতির জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বড় জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার একসময় নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে।
নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যাতে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে। ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্রামীণ এলাকার শিশুদের শিক্ষা সহায়তার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, দেশের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া দরিদ্র পরিবারের শিশুদের জন্য প্রতিবছর স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শুধু নতুন বই নয়, শিশুদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
নারীদের স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের চার কোটি পরিবারের মধ্যে যেসব নারী পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
