খাদ্য আইনে বড় অভিযান, ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ১০ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
খাদ্য আইনে বড় অভিযান, ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ১০ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৭ প্রতিষ্ঠানে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএফএসএ।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাতটি মামলাও করা হয়েছে।

শনিবার বিএফএসএ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান, মোবাইল কোর্ট ও নিয়মিত তদারকি পরিচালনা করা হয়।

বিএফএসএ জানায়, ঢাকা মহানগরে গত এক সপ্তাহে সাতটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জে চারটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চারটি মামলা করা হয়।

সব মিলিয়ে রাজধানী ও বিভিন্ন জেলা মিলিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এবং সাতটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শুধু জরিমানা ও মামলা নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গত এক সপ্তাহে সারাদেশে ১৩০টি খাদ্যপ্রতিষ্ঠান মনিটরিং করেছে বিএফএসএ। এসব তদারকির আওতায় ছিল বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং বিভিন্ন খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্যবিষয়ক আইন ও বিধিবিধান মেনে চলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি চালানো হয়েছে। বিএফএসএর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ আগস্ট জয়পুরহাটে ‘খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। অনুষ্ঠানে তিনি বিএফএসএর মোবাইল ল্যাবরেটরি ভ্যানের কার্যক্রমও পরিদর্শন করেন।

খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা ও অন্যান্য অংশীজনের ভূমিকার ওপর সেমিনারে গুরুত্ব দেওয়া হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমেও প্রচারণা চালানো হয়েছে। গত এক সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে ট্রান্সফ্যাট বিষয়ে ১৪ মিনিটের প্রচারণা প্রচার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক তিনটি পৃথক বার্তা মোট ৩৫ মিনিট প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নিরাপদ খাদ্য নিয়ে ছবি, রিলস ও ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বিএফএসএ। এসব প্রচারণার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট, গবেষণা এবং জনসচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের একার নয়। এ জন্য সরকার, ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিএফএসএ চেয়ারম্যান আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।

দেশে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগের প্রেক্ষাপটে নিয়মিত অভিযান ও তদারকির ওপর গুরুত্ব বাড়ছে। হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে বাজার, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে আইন মেনে চলা নিশ্চিত করা গেলে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্যব্যবস্থা আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page