প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

reporter
SSIT BARI DESK
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও ভোক্তা স্বার্থ রক্ষায় প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। রাজধানীর দুটি কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাজারের সার্বিক পরিস্থিতি, পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ে বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিক্রেতাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে কয়েকজন ক্রেতা পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে কারওয়ান বাজার পরিদর্শন করা হয়েছে এবং সেখানেও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া হয়েছে।

শরীফুল আলম বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার জন্য মুনাফা প্রয়োজন হলেও অতিরিক্ত লাভের আশায় ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় তদারকি অব্যাহত রাখবে।

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্রেতারা যেন সহজেই পণ্যের দাম জানতে পারেন এবং কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, বাজারে নিয়মিত মনিটরিং, পর্যাপ্ত সরবরাহ এবং মূল্য তালিকা প্রদর্শনের মতো উদ্যোগ বাস্তবায়ন হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আরও স্থিতিশীল হবে এবং ভোক্তাদের আস্থা বাড়বে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন