সরকারি পেনশন কার কত বাড়বে

প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
সরকারি পেনশন কার কত বাড়বে

কম পেনশনধারীদের জন্য বাড়ছে অবসরভাতা

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সব পেনশনভোগীর জন্য বৃদ্ধির হার একই রাখা হয়নি। কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বেশি হারে এবং বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য তুলনামূলক কম হারে বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, একজন পেনশনভোগী বর্তমানে যে নিট পেনশন পান, তার ভিত্তিতে পাঁচটি স্তরে নতুন পেনশন নির্ধারণ করা হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যাদের নিট পেনশন ৯ হাজার টাকা বা এর কম, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তি বৃদ্ধির পর পাবেন সর্বোচ্চ ১৮ হাজার টাকা।

যাদের বর্তমান নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাদের জন্য বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৭৫ শতাংশ। ফলে ২০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির নতুন পেনশন হবে ৩৫ হাজার টাকা।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬৫ শতাংশ। এ হিসাবে ৩০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তি বৃদ্ধির পর পাবেন ৪৯ হাজার ৫০০ টাকা।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে ৬০ শতাংশ। ফলে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির নতুন পেনশন দাঁড়াবে ৬৪ হাজার টাকা।

অন্যদিকে, বর্তমানে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৫৫ শতাংশ। অর্থাৎ কারও বর্তমান নিট পেনশন ৫০ হাজার টাকা হলে ৫৫ শতাংশ বৃদ্ধির পর তা বেড়ে হবে ৭৭ হাজার ৫০০ টাকা।

সরকারের নতুন সিদ্ধান্তে তুলনামূলক কম পেনশন পাওয়া এবং দীর্ঘদিন আগে অবসরে যাওয়া ব্যক্তিরা বেশি সুবিধা পাবেন। এজন্য পেনশনের পরিমাণ যত কম, বৃদ্ধির হারও তত বেশি রাখা হয়েছে।

তবে প্রকৃত পেনশনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা বিবেচনায় নেওয়া হবে।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে পুরোনো ও কম পেনশনভোগীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার ব্যয় সামলাতে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page