সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, যে মাস থেকে নতুন কাঠামোয় বেতন
সেপ্টেম্বরে প্রকাশ হতে পারে নতুন পে-স্কেলের গেজেট
সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের (পে-স্কেল) গেজেট প্রকাশের প্রস্তুতি জোরেশোরে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হতে পারে। তবে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অক্টোবর থেকে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করেই নবম পে-স্কেলের চূড়ান্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম দিকেই নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।
এর আগে আগস্টের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের আলোচনা থাকলেও বিভিন্ন বিষয় পর্যালোচনার কারণে সময় কিছুটা পিছিয়েছে। বিশেষ করে বেতন বৃদ্ধির হার, ভাতা কাঠামো এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নবম পে-স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। তবে নতুন কাঠামোর বেতন সরকারি কর্মচারীরা হাতে পাবেন অক্টোবর থেকে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পুনর্নির্ধারণ করে তা বকেয়া হিসেবে সমন্বয় করা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ কমবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সুপারিশ তৈরির আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করা হবে এবং চলতি অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
দেশের বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে মূল বেতন কার্যকর করে পরে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা বাস্তবায়নের বিষয়েও আলোচনা চলছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
