ভিডিও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের দিকে আরও বড় পদক্ষেপ নিল Netflix। জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ইনকিউবেটর’ নামে নতুন একটি স্টুডিও চালু করেছে, যেখানে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে অ্যানিমেশন ও ভিডিও কনটেন্ট তৈরি করা হবে।
আরও পড়ুনঃ- গুগল আনলো এআইচালিত নতুন ল্যাপটপ ‘গুগলবুক’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট The Verge–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই স্টুডিও মূলত এআইভিত্তিক অ্যানিমেশন ও শর্ট-ফর্ম ভিডিও তৈরির কাজ করবে।
হলিউডে এআই ব্যবহারের বিষয়ে এখনো নানা বিতর্ক থাকলেও নেটফ্লিক্স এ প্রযুক্তিকে নিজেদের ভবিষ্যৎ কনটেন্ট কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ‘ইনকিউবেটর’ স্টুডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য কর্মী নিয়োগ চলছে। এর মধ্যে ‘হেড অফ টেকনোলজি’সহ একাধিক পদ রয়েছে।
প্রাথমিকভাবে স্টুডিওটির লক্ষ্য হবে ছোট আকারের অ্যানিমেশন ও শর্ট ফিল্ম তৈরি করা। তবে ভবিষ্যতে ফুল-লেংথ সিনেমা ও বড় আকারের কনটেন্ট তৈরির পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।
বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্সের মোবাইল অ্যাপে নতুন করে যে শর্ট ভিডিও বা ভার্টিকাল ভিডিও ফিচার আনার পরিকল্পনা চলছে, সেখানে এই এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করা হতে পারে।
এর আগে নেটফ্লিক্স নিজেদের বিজ্ঞাপনে এআই প্রযুক্তি ব্যবহার করেছে। এছাড়া অভিনেতা Ben Affleck–এর প্রতিষ্ঠিত এআই স্টার্টআপ ‘ইন্টারপজিটিভ’ও অধিগ্রহণ করেছে কোম্পানিটি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে ভবিষ্যতে অ্যানিমেশন ও ভিডিও নির্মাণ শিল্পে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে একই সঙ্গে শিল্পী ও নির্মাতাদের কাজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
📌 সূত্রঃ The Verge
আরও পড়ুনঃ- এআই যতই শক্তিশালী হোক, এই ১০ দক্ষতার মানুষের চাকরি যাবে না সহজে









