প্রথমবার তাফসির প্রতিযোগিতা শুরু করছে সরকার, থাকছে বড় পুরস্কার

ধর্ম বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
প্রথমবার তাফসির প্রতিযোগিতা শুরু করছে সরকার, থাকছে বড় পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।

দেশে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে সরকার। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করছে।

শনিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘ক’-এ অনূর্ধ্ব ৩০ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই গ্রুপের জন্য আবেদন করতে পারবেন।

এই গ্রুপের প্রতিযোগীদের জন্য নির্ধারিত তাফসিরের বিষয় হিসেবে রাখা হয়েছে পবিত্র কোরআনের সূরা ফাতিহা, সূরা বাকারা ও সূরা আলাক।

অন্যদিকে গ্রুপ ‘খ’-এ অনূর্ধ্ব ৪০ বছর বয়সী আলেম ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নিতে পারবেন। কামিল ও দাওরায়ে হাদিস অথবা আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদরাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা এ গ্রুপে আবেদন করতে পারবেন।

গ্রুপ ‘খ’-এর প্রতিযোগীদের জন্য নির্ধারিত বিষয় হলো সূরা আন-নূর, সূরা ইয়াছীন, সূরা হুজরাত, সূরা আর-রাহমান ও সূরা ওয়াকিয়াহ।

আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরবি ভাষায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কুরআনের শাব্দিক অর্থ ও তরজমা, উলুমুল কুরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, নাহু, সরফ ও বালাগাত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকা আবশ্যক।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

প্রথম রানার্সআপ হিসেবে দুইজন পাবেন দেড় লাখ টাকা করে। আর দ্বিতীয় রানার্সআপ হিসেবে দুইজন পাবেন ১ লাখ টাকা করে। তাদেরও দেওয়া হবে ক্রেস্ট ও সনদপত্র।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র পাবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের তাফসির, গবেষণা ও জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি যোগ্য আলেম ও শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে।

আগ্রহীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের রাজধানী ঢাকায় এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page