মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া-রাজাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়ের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন আব্দুস সোবহান। তাঁর সঙ্গে ছিল সাত বছর বয়সী নাতি। মান্দা ফেরিঘাট থেকে একটি অটোরিকশায় করে তাঁরা নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
পথে বাবলাতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশা থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন আব্দুস সোবহান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
