হামের প্রকোপ অব্যাহত ঢাকায় উপসর্গে ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
হামের প্রকোপ অব্যাহত ঢাকায় উপসর্গে ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া সব শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৭২১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬১৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ১৫ হাজার ২৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। শিশুদের সুরক্ষায় নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের প্রতি শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page