বিশ্বকাপে ‘মেড ইন বাংলাদেশ’ জার্সি, কেপ ভার্দের ইতিহাসে গর্বের ছাপ
বিশ্বকাপে ‘মেড ইন বাংলাদেশ’ জার্সি, কেপ ভার্দের ইতিহাসে গর্বের ছাপ
২০২৬ ফিফা বিশ্বকাপে কেবল মাঠের লড়াই নয়, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পও জায়গা করে নিয়েছে বৈশ্বিক আলোচনায়। পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে তাদের বিশ্বকাপ অভিষেক ম্যাচে স্পেনের বিপক্ষে যে জার্সি পরে মাঠে নেমেছিল, সেটি তৈরি হয়েছে বাংলাদেশে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জার্সির কাপড় উৎপাদন করেছে ঢাকাভিত্তিক ইয়াংওয়ান কর্পোরেশন বাংলাদেশ। পরে জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড কাপেলি স্পোর্টের তত্ত্বাবধানে ঢাকার একটি কারখানায় জার্সিগুলোর চূড়ান্ত উৎপাদন সম্পন্ন হয়। ফলে জার্সিতে যুক্ত হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল।
গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেডের ব্যবস্থাপক সৌমিক বর্মন জানান, ২০১৯ সাল থেকে কাপেলি স্পোর্টের বিভিন্ন অর্ডার বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে। কেপ ভার্দে জাতীয় দলের বিশ্বকাপ জার্সিও সেই ধারাবাহিকতার অংশ।
অন্যদিকে ইয়াংওয়ান কর্পোরেশনের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন, জার্সিতে ব্যবহৃত কাপড় তাদের কারখানায় তৈরি হয়েছে। পরে কাপেলি স্পোর্ট নিজেদের উৎপাদন ব্যবস্থার মাধ্যমে জার্সিগুলো প্রস্তুত করে।
বাংলাদেশে তৈরি এই জার্সি গায়ে দিয়েই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে শক্তিশালী স্পেনকে ০-০ গোলে রুখে দিয়েছে দলটি। ম্যাচজুড়ে স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও কেপ ভার্দের রক্ষণভাগ এবং গোলরক্ষক ভোজিনহার দৃঢ়তায় গোলের দেখা পায়নি।
বিশেষ করে অধিনায়ক ও গোলরক্ষক ভোজিনহা ছিলেন ম্যাচের নায়ক। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে এনে দেন ঐতিহাসিক একটি পয়েন্ট। পুরো ম্যাচে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল, ফেরান তোরেস কিংবা মিকেল ওয়ারজাবালের মতো খেলোয়াড়রা গোলের সুযোগ তৈরি করলেও ভোজিনহার সামনে সফল হতে পারেননি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই চমক দেখায় কেপ ভার্দে।
এই ম্যাচের মাধ্যমে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন ভোজিনহা। ৪০ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হওয়া দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এ তালিকায় তাঁর ওপরে আছেন মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসাম এল হাদারি।
বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসরে বাংলাদেশের তৈরি জার্সি ব্যবহৃত হওয়া দেশের পোশাকশিল্পের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array