যোগদানের আগে ফের পরীক্ষা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষককে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যোগদানের আগে আবারও মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এ লক্ষ্যে নতুন প্রশিক্ষণ ও মূল্যায়ন মডিউল প্রস্তুত করেছে।
নেপ সূত্রে জানা গেছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ শেষে দুই ধাপে মূল্যায়ন করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল তারা যোগদানের সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সভার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নেপের মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, প্রশিক্ষণ, মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি পূর্ণাঙ্গ মডিউল তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
তবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এখন পর্যন্ত যোগদান করতে পারেননি সুপারিশপ্রাপ্তরা। এতে চরম অনিশ্চয়তায় রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী। গত এপ্রিল মাসে তারা আন্দোলনেও নামেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগ দেওয়া হবে।
তথ্যসূত্রঃ Jagonews24.com

আপনার মতামত লিখুন
Array