খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সভা

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সভা

গুইমারায় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

খাগড়াছড়ির গুইমারায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরা এবং জনগণের সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোরোয়ার্দী, রামগড় উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গা মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ এবং গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।

সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সরকারি প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে ধরা, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা রয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য অনেক সময় সব মানুষের কাছে পৌঁছায় না। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসব এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। ফলে স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং সরকারি সেবার বাস্তব চিত্র তুলে ধরতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও তথ্যের যথার্থতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাবেক সভাপতি শ্যামল রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক মো. সাইফুর রহমান ও মীর বাবলু।

বক্তারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ও কর্মসূচিগুলোর বাস্তবায়ন সম্পর্কে জনগণকে নিয়মিত তথ্য জানানো প্রয়োজন। একই সঙ্গে এসব কর্মসূচির অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিচ্ছে, সেগুলোও গণমাধ্যমে তুলে ধরতে হবে। এর ফলে সাধারণ মানুষ সরকারি কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোও মাঠপর্যায়ের সমস্যা ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাবে।

এ ছাড়া সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উন্নয়ন, শিক্ষা, কৃষি, যুব উন্নয়ন, সমাজসেবা, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের তথ্য নিয়মিত আদান-প্রদানের মাধ্যমে জনগণের কাছে প্রয়োজনীয় ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার গণমাধ্যমকর্মীরা স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা, স্থানীয় সম্ভাবনা এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় আরও কার্যকর করার বিষয়ে তাঁরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page