জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোচ্চার ইসলামী আন্দোলন, গুইমারায় নতুন কমিটি
খাগড়াছড়ির গুইমারা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলনে মঞ্চে উপস্থিত জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে নতুন উপজেলা কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাদ মাগরিব গুইমারা উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউছার আজিজী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা শাখার সভাপতি মো. মাগফার হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মো. হুমায়ুন কবির।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
তারা আরও বলেন, সরকারের উচিত দ্রুত জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা। পাশাপাশি জুলাই শহীদ পরিবারের যথাযথ রাষ্ট্রীয় সম্মান, পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান বক্তারা।
সম্মেলনের একপর্যায়ে পূর্ববর্তী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন মো. মাগফার হোসেন। সহ-সভাপতি নির্বাচিত হন সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাওলানা মো. নাইমুল ইসলাম নোমানী।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
