১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ
১ আগস্ট থেকে বাসে জিপিএস সংযোজন বাধ্যতামূলক
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্ত থাকার প্রমাণ দিতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও কার্যকর রাখা বাধ্যতামূলক হবে।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত তারিখের পর থেকে নতুন গাড়ির নিবন্ধন এবং বিদ্যমান গাড়ির ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে।
পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও প্রদর্শন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিআরটিএ বলেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়া হবে।
গণপরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিআরটিএকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
