মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্কতা জারি করল বিএসইসি

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্কতা জারি করল বিএসইসি

মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের আগে NAV যাচাইয়ের আহ্বান জানিয়েছে বিএসইসি।

মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের নেট সম্পদ মূল্য (NAV) বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচুয়াল ফান্ড একটি সংগঠিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগমাধ্যম, যেখানে বিনিয়োগকারীদের অর্থ একত্র করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। মিউচুয়াল ফান্ড সাধারণত ট্রাস্ট কাঠামোর মাধ্যমে গঠিত হয় এবং ট্রাস্টের পক্ষ থেকে ইউনিট ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফান্ড গঠন করা হয়।

বিএসইসি জানায়, মিউচুয়াল ফান্ডের সম্পদ মূলত বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও অন্যান্য বিনিয়োগযোগ্য সম্পদে বিনিয়োগ করা থাকে। এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডের মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। দায়-দেনা বাদ দেওয়ার পর যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু বা NAV।

ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে মোট ইউনিটসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় NAV per Unit। অর্থাৎ, একটি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের নিট সম্পদমূল্য নির্ধারণে NAV per Unit গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতিটি ইউনিটের নিট সম্পদমূল্য বা NAV per Unit-এর তুলনায় অনেক বেশি দামে লেনদেন হতে দেখা যাচ্ছে। বিএসইসির মতে, কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ও NAV-এর মধ্যে বড় ধরনের পার্থক্য থাকলে বিনিয়োগকারীদের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কমিশন আরও জানায়, মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ও NAV-এর মধ্যে পার্থক্যের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই শুধু বাজারদর বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত NAV per Unit এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রচারিত তথ্যের ভিত্তিতে বা তাদের প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বিএসইসি আরও বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের প্রকৃত সম্পদমূল্য, আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করে বিনিয়োগকারীদের নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া উচিত।

কমিশনের পক্ষ থেকে বিনিয়োগকারীদের ফান্ডের সর্বশেষ প্রকাশিত তথ্য ও NAV যাচাই করে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page