৬৪ জেলার মধ্যে কতটি ঘুরেছেন? কয়েক ক্লিকেই বানিয়ে নিন নিজের ভ্রমণ ম্যাপ
৬৪ জেলার ভ্রমণ ম্যাপ তৈরি করুন
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আপনি কতটি জেলা ঘুরেছেন? কোন কোন জেলা এখনো দেখা হয়নি—এবার চাইলে খুব সহজেই তার হিসাব রাখতে পারবেন একটি অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে। ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি এই ম্যাপে দেশের কোন কোন জেলা ঘোরা হয়েছে, তা নির্বাচন করে নিজের একটি ব্যক্তিগত ভ্রমণচিত্র তৈরি করা যায়।
ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই অনলাইন ম্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই নিজেদের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে ম্যাপ তৈরি করে সেটির ছবি ফেসবুক টাইমলাইনে প্রকাশ করছেন। ফলে এক নজরেই বোঝা যাচ্ছে, কে দেশের কতগুলো জেলা ঘুরেছেন এবং কোন কোন জেলা এখনো ভ্রমণ করা বাকি।
যেভাবে তৈরি করবেন নিজের ভ্রমণ ম্যাপ
ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে unseenbangladesh.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার নামসহ একটি মানচিত্র পাওয়া যাবে।
এরপর আপনি যেসব জেলা ইতোমধ্যে ভ্রমণ করেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। তালিকা থেকে জেলার নামের ওপর ক্লিক করে নির্বাচন করা যাবে। চাইলে সরাসরি মানচিত্রে থাকা নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও সেটি বেছে নেওয়া সম্ভব।
কোনো নির্দিষ্ট জেলা খুঁজে নিতে চাইলে সার্চ অপশন ব্যবহার করা যাবে। এতে জেলার নাম লিখে দ্রুত সেটি খুঁজে নির্বাচন করা যায়। যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে মোট ভ্রমণ করা জেলার সংখ্যাও দেখাবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ঘুরে থাকলে সেখানে ১০/৬৪ হিসেবে ভ্রমণের হিসাব দেখা যাবে।
একসঙ্গে সব জেলা নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার আগের নির্বাচন মুছে নতুন করে হিসাব শুরু করতে চাইলে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে।
পছন্দ অনুযায়ী সাজানো যাবে ম্যাপ
নিজের তৈরি ভ্রমণ ম্যাপকে আরও আকর্ষণীয় করে তুলতে এতে রয়েছে পাঁচ ধরনের থিম। পছন্দ অনুযায়ী থিম নির্বাচন করে ম্যাপের উপস্থাপনাকে নিজের মতো করে সাজানো যাবে।
শুধু থিম নয়, চাইলে ম্যাপের সঙ্গে নিজের পছন্দের ছবিও যুক্ত করা যাবে। পাশাপাশি ম্যাপে নিজের নাম লেখার সুবিধাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
ডাউনলোড করা যাবে বিভিন্ন ফরম্যাটে
সব জেলা নির্বাচন ও ম্যাপের ডিজাইন নিজের পছন্দ অনুযায়ী সাজানো হয়ে গেলে পেজের নিচের দিকে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে যেতে হবে। সেখান থেকে তৈরি করা ভ্রমণ ম্যাপ PNG, JPG কিংবা PDF ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
ভ্রমণপ্রেমীদের জন্য এমন উদ্যোগ একদিকে যেমন দেশের বিভিন্ন জেলা ঘোরার স্মৃতি ধরে রাখার সুযোগ দিচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে কোন কোন জেলা ভ্রমণ করা বাকি রয়েছে, তার একটি সহজ হিসাবও তৈরি করে দিচ্ছে। ফলে দেশের ৬৪ জেলা ঘুরে দেখার লক্ষ্য থাকলে এই ম্যাপ হতে পারে ভ্রমণ পরিকল্পনার একটি সুন্দর মাধ্যম।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
