আন্তর্জাতিক র্যাংকিংয়ে এগিয়ে যেতে মাভাবিপ্রবিতে ‘রোডম্যাপ’ নিয়ে সেমিনার
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন ও আন্তর্জাতিক র্যাংকিং নিয়ে সেমিনার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন অর্জন এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলায় অবস্থিত সেমিনার হলে ‘Roadmap to Academic Excellence: Mastering BAC Accreditation and International Ranking Frameworks’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) সদস্য অধ্যাপক ড. মো. শাহ্ এমরান। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার টেইলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম।
মূল প্রবন্ধ ও আলোচনায় আন্তর্জাতিক র্যাংকিংয়ের বিভিন্ন সূচক, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে প্রয়োজনীয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করতে কী ধরনের বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ও তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের মূল মানদণ্ড নির্ধারিত হয় গবেষণা, গুণগত শিক্ষা ও আন্তর্জাতিক র্যাংকিংয়ের মাধ্যমে। মাভাবিপ্রবিকে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে অ্যাক্রেডিটেশন অর্জন এবং বৈশ্বিক র্যাংকিং ফ্রেমওয়ার্ক সম্পর্কে শুধু জানলেই হবে না, সে অনুযায়ী বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ লক্ষ্য অর্জনে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে সহায়তা করবে বলে তিনি বিশ্বাস করেন।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অফিস প্রধানরা অংশগ্রহণ করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
