‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’

মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে কথা বলেছেন স্কালোনি

ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে এখন আলোচনার কেন্দ্রে বুধবারের বেনিন ম্যাচ। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হতে যাওয়া ওই ম্যাচটিই লিওনেল মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দলের পারফরম্যান্সের পাশাপাশি মেসির বিদায় এবং জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। মেসির বিদায় প্রসঙ্গে স্কালোনি জানান, আর্জেন্টাইন এই মহাতারকার শেষ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আবেগ তৈরি হয়েছে।

স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। হাহা। আমার মনে হয়, সবকিছু বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার পালা।’

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। এই সময়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা সবসময় যে নস্টালজিয়ার কথা বলি, সে যখন থাকবে না, তখন সেটা অনুভব হবে। এখন সে আর এখানে থাকবে না।’

আর্জেন্টাইন কোচ বলেন, মেসির শেষ ম্যাচটি দলের সবাইকে আবেগপ্রবণ করে তুলবে। তাঁর ভাষায়, ‘আমি মনে করি সবাই আবেগপ্রবণ থাকবে। মেসিও থাকবে। সে যেদিন মনুমেন্টালের মাঠে পা রাখবে, সেদিনটি সবার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

মেসির সঙ্গে আরও দুটি অনুশীলন সেশন রয়েছে বলেও জানান স্কালোনি। তাই বিদায়ের আবেগের মধ্যেও শেষ সময়টুকু উপভোগ করতে চান তিনি। স্কালোনি বলেন, ‘তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন আছে। যতটুকু সময় বাকি আছে, আমরা তা উপভোগ করব।’

বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। দীর্ঘ এই আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি দলের প্রতি নিবেদনকেও সবচেয়ে বড় উত্তরাধিকার হিসেবে দেখছেন স্কালোনি।

মেসির লিগ্যাসি সম্পর্কে আর্জেন্টাইন কোচ বলেন, ‘তার লিগ্যাসি হলো সবসময় সেখানে থাকার অদম্য ইচ্ছা। সে সবসময় সবার আগে আসত এবং সবার শেষে বের হতো। নিজের যত্ন নেওয়ার ধরন, প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার পদ্ধতি—এসব অনেকের চোখে পড়ে না। কিন্তু তার সতীর্থরা এগুলো দেখেছে। এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই।’

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা জাতীয় দলের পথচলা থেমে থাকবে না বলেও স্পষ্ট করেছেন স্কালোনি। তবে মাঠে মেসির উপস্থিতির বিকল্প পাওয়া কঠিন হবে বলে মনে করেন তিনি।

স্কালোনির ভাষায়, ‘আমাদের খেলতে হবে, দলও চলবে। কিন্তু মাঠে তাকে থাকার যে অনুভূতি, তা অনন্য। মাঠে সে যে অনুভূতি ছড়িয়ে দেয়, অন্য কারও মধ্যে আমি কখনো এমন কিছু দেখিনি। আমরা সেটাই সবচেয়ে বেশি মিস করব। তবে আর্জেন্টিনা জাতীয় দল চলতে থাকবে।’

বেনিনের বিপক্ষে বুধবারের ম্যাচে তাই শুধু আরেকটি প্রীতি ম্যাচ নয়, মেসিকে ঘিরে আবেগেরও বড় উপলক্ষ তৈরি হয়েছে। মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে মেসির সম্ভাব্য শেষ উপস্থিতিকে সামনে রেখে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page