করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা মামলায় গ্রেপ্তার ৭

প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা মামলায় গ্রেপ্তার ৭

করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

করলা খেতে ছাগল প্রবেশ এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ। আর সেই সংঘর্ষে প্রাণ গেল আবুল কাশেমের। নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে ঘটে যাওয়া এ ঘটনায় হত্যা মামলার এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু।

গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ধামইরহাট উপজেলার বড়শিবপুর মাষ্টারপাড়া এলাকায় করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন।

পরে আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই নওগাঁর পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।
রাতভর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলা দায়েরের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, রাকিবুল ইসলাম রনি, আব্দুল হাকিম, কফিল উদ্দিন, আকলিমা বেগম, হামিদা বেগম, ফরিদা বেগম ও জিয়াসমিন বেগম। তাদের সবার বাড়ি ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর মাষ্টারপাড়া এলাকায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page