সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কা! জালসহ নৌকা ডুবি, নিখোঁজ জেলে মাঝি
চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর নিখোঁজ জেলের সন্ধান চলছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অজ্ঞাতনামা একটি কয়লাবাহী লাইটার জাহাজের সঙ্গে জেলে নৌকার সংঘর্ষে মোস্তফা মাঝি (৪৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা আরও দুই জেলে সাঁতরে ও ভেসে কূলে উঠতে সক্ষম হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের বাসিন্দা। তিনি অজেদ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি জেলে নৌকায় মোস্তফা মাঝির সঙ্গে শুকুর আমিন (২২) ও সানাউল্লাহ সানি (১৯) নামে আরও দুই জেলে ছিলেন। তারা সুন্দরবন এলাকায় মাছ ধরার কাজে ছিলেন। রাতের অন্ধকারে হঠাৎ একটি কয়লাবাহী লাইটার জাহাজের সঙ্গে তাদের নৌকার সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর জেলে নৌকাটি জালসহ জাহাজের নিচে চলে যায়। এ সময় নৌকায় থাকা তিন জেলেই পানিতে পড়ে যান। পরে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি কোনোভাবে সাঁতরে ও ভেসে কূলে উঠতে সক্ষম হন। তবে মোস্তফা মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে বেঁচে ফেরা জেলে শুকুর আমিন বলেন, “রাতের অন্ধকারে হঠাৎ জাহাজের সঙ্গে আমাদের নৌকার ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই নৌকাটি জালসহ জাহাজের নিচে চলে যায়। আমরা কোনোমতে কূলে উঠতে পারলেও মোস্তফা মাঝিকে আর দেখতে পাইনি।”
অপর জেলে সানাউল্লাহ সানিও মোস্তফা মাঝির নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর স্থানীয় জেলে ও স্বজনরা নিখোঁজ মোস্তফা মাঝির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে সংঘর্ষে জড়িত কয়লাবাহী লাইটার জাহাজটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেকে দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় জেলে ও স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। সুন্দরবনের নৌপথে চলাচলকারী জাহাজগুলোর সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও এ ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
