কন্ডাক্টর হয়ে বাসে উঠলেন মুখ্যমন্ত্রী, দিলেন ফ্রি টিকিট
কন্ডাক্টরের ভূমিকায় বাসে উঠে নারী যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের পাস দেন থালাপতি বিজয়।
কন্ডাক্টরের ভূমিকায় এবার সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে উঠলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বাসে থাকা নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দেন তিনি। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতেও দেখা যায় তাঁকে।
শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ে এ ব্যতিক্রমী দৃশ্যের দেখা মেলে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের আওতা ও পরিধি সম্প্রসারণের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বাসে কন্ডাক্টরের ভূমিকায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত।
বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন বিজয়। একপর্যায়ে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের পাস তুলে দেন তিনি। বাসে থাকা কয়েকজন কলেজ শিক্ষার্থী মুখ্যমন্ত্রীকে চকোলেট উপহার দিলে তাঁদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেও দেখা যায় তাঁকে। তাঁর এমন উপস্থিতিতে বাসের ভেতর তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
তামিলনাড়ু সরকারের ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের মূল লক্ষ্য নারী ও রূপান্তরকামী ব্যক্তিদের যাতায়াত সহজ করা এবং তাঁদের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে সহায়তা করা। প্রকল্পটির সম্প্রসারণের ফলে এখন থেকে রাজ্যের সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে থাকা ১২ হাজার ৬৯৫টি বাসে সুবিধাভোগীরা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।
এর আগে নির্দিষ্ট কিছু সাধারণ সিটি বাসে এ সুবিধা পাওয়া যেত। নতুন সিদ্ধান্তের ফলে এক্সপ্রেস, ডিলাক্স, মফস্বলের সাধারণ বাস এবং পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট রুটের বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা যুক্ত হয়েছে।
রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, প্রকল্পটির সম্প্রসারণের ফলে প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩২ হাজার নারী ও রূপান্তরকামী ব্যক্তি উপকৃত হবেন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার এমন ঘটনা বিজয়ের জন্য অবশ্য নতুন নয়। এর আগে সচিবালয় থেকে পেরাম্বুর পর্যন্ত সাধারণ সরকারি বাসে যাতায়াত করেছিলেন তিনি। মেত্তুর সফরের সময় রাস্তার পাশে একটি খামারবাড়িতে গাড়ি থামিয়ে বয়স্কদের সঙ্গে সময় কাটানোর ঘটনাও আলোচনায় এসেছিল।
জনকল্যাণমূলক প্রকল্পের সম্প্রসারণের পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগের এমন উদ্যোগের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
