মেসির বিদায়, ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন স্কালোনি
মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন স্কালোনি।
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি কে পরবেন, সেই সিদ্ধান্ত এখনই নিতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত আইকনিক এই জার্সি কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এরপর অবশ্য অন্য কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে দুই দশকের ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সী এই তারকা।
এর আগে বুধবার বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। মেসি এই দুই ম্যাচে থাকছেন না। বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর বিদায়ী ম্যাচ।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার প্রয়োজন নেই। এরপর অবশ্য এই জার্সি অন্য কেউ পরবেন বলেও জানান তিনি। তাঁর মতে, ১০ নম্বর জার্সি পরা বিশেষ সম্মানের বিষয়।
স্কালোনি বলেন, আপাতত এই ম্যাচগুলোতে কাউকে ১০ নম্বর জার্সি দেওয়ার বাধ্যবাধকতা নেই। মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত সেটি কাউকে দেওয়া হবে না। পরে অবশ্যই কেউ এই জার্সি পরবেন, তবে কে পরবেন সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা কীভাবে খেলবে, সেটিও এখন আলোচনায়। স্কালোনি জানিয়েছেন, মেসির জায়গা পূরণের চেষ্টা না করে দলের খেলার ধরনে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হবে। তাঁর ভাষায়, দলকে অন্যভাবে খেলার পথ খুঁজে নিতে হবে।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবেও দেখছেন আর্জেন্টাইন কোচ। তবে দলের মূল খেলার ধরন বল দখলকে কেন্দ্র করেই থাকবে বলে জানিয়েছেন তিনি। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্তও নিয়েছেন স্কালোনি।
মেসি আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জয়ের অংশ ছিলেন। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ১০ নম্বর জার্সিই ছিল তাঁর পরিচয়ের অন্যতম প্রতীক। ২০২৬ বিশ্বকাপের দলেও তিনি ১০ নম্বর জার্সি পরেছেন।
এদিকে মেসির বিদায়ের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ ফাইনালের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখন নতুন চুক্তির বিষয়ে আলোচনায় বসেছেন তিনি।
স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার ইচ্ছা তাঁর রয়েছে। তবে ভবিষ্যতের খেলাধুলার পরিকল্পনা ও অন্যান্য বিষয় মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিতে চান তিনি। এএফএর সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়ানো এবং পরবর্তী সময়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখার বিষয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতামূলক মান ধরে রাখার বিষয়েও আশাবাদী স্কালোনি। তাঁর মতে, দলে উঠে আসা নতুন খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ ও ক্ষুধা রয়েছে। তাই মেসির বিদায়ের পরও দল উচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে বলে তিনি মনে করেন।
মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। বেনিনের বিপক্ষে সেই ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
