সালমান শাহ মামলা: নতুন নির্দেশ আদালতের

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
সালমান শাহ মামলা: নতুন নির্দেশ আদালতের

সালমান শাহ হত্যা অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় নির্ধারণ করেছেন আদালত।

চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন সময় নির্ধারণ করেছেন আদালত। আগামী ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

এই মামলায় গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় সিআইডি পুলিশ। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সালমান শাহের মৃত্যুর ঘটনায় গত বছরের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)। সে সময় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি।

সালমান শাহের মৃত্যুর পর প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ নভেম্বর দেওয়া প্রতিবেদনে সংস্থাটি জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন তার বাবা।

পরবর্তীতে ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। ২০১৪ সালে দেওয়া তদন্ত প্রতিবেদনেও হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়।

এরপর সালমান শাহের মা নীলা চৌধুরী তদন্ত প্রতিবেদনে নারাজি দেন এবং ১১ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগের কথা জানান। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাব ও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

২০২০ সালে পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি দাবি করে, পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে মানসিক চাপে সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

তবে সালমান শাহের পরিবার ওই প্রতিবেদন গ্রহণ করেনি। পরে বিভিন্ন আইনি প্রক্রিয়ার পর আদালত নতুন করে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

বর্তমানে সিআইডি পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে মামলাটি। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page