ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশ সরকারের
ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশ
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে। সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে নির্ধারিত সময়ে অর্থ পৌঁছানো নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ পাঠানোর আগে নির্ভুল পে-রোল প্রস্তুত করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। এসব তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করার কথাও বলা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, ভাতার অর্থ যাতে সঠিক ব্যক্তির হিসাবে পৌঁছায়, সে জন্য পে-রোল পাঠানোর আগে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে অর্থ পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু হলে কিংবা অন্য কোনো কারণে তাঁর পরিবর্তে নতুন উপকারভোগী অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিস্থাপনের প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়কে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনার ফলে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের তথ্য নিয়মিত হালনাগাদ এবং নির্ধারিত সময়ের মধ্যে পে-রোল পাঠানোর বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের হিসাবে ভাতার অর্থ পাঠানোর প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
