রাষ্ট্রের সংস্কার ঠেকাতে সংবিধান সংশোধন কমিটির নাটক: নাহিদ ইসলাম
ছবিতে: নাহিদ ইসলাম, সারজিস আলম, আক্তার হোসেন।
মৌলিক সংস্কারের আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করতেই সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার দলের অস্থায়ী প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাম্প্রতিক চাঁদাবাজি ও দখলবাজিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট তথ্য-প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যেও অনেকে বাদ পড়েছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অন্যায়ভাবে কোনো চাকরিপ্রার্থীকে বাদ দেওয়া হলে তাদের পাশে থাকবে এনসিপি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। রাজধানীর মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, শুধু রাজধানী নয়, সারাদেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতাকর্মীদের।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের প্রত্যাশার বিষয়গুলো উঠে আসেনি। সেখানে ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো দলীয় ইশতেহারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। তার দাবি, এসব প্রকল্প এরই মধ্যে দেশে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংকট, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সেখানে তুলে ধরা যেত। পাশাপাশি সীমান্ত হত্যা, পুশ-ইন এবং ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টিও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সতর্ক অবস্থানের কথা জানান এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, নির্বাচন কমিশনকে দলীয়করণ করে নির্বাচন সুষ্ঠু না করার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ন্যূনতম আশঙ্কা তৈরি হলে বা নির্বাচন প্রকৌশলের চেষ্টা করা হলে এনসিপি তা প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবিধান সংশোধন কমিটি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংশোধনের নামে সংস্কারের আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করার একটা চেষ্টা হচ্ছে এই কমিটি।’ তিনি বলেন, এনসিপি রাষ্ট্রের ‘কসমেটিক সার্জারি’ চায় না, তারা চায় মৌলিক সংস্কার।
এর আগে সংবিধানে ১৭ বার সংশোধন করা হলেও মৌলিক কোনো পরিবর্তন হয়নি দাবি করে নাহিদ ইসলাম বলেন, দ্রুত এই ‘নাটক’ বন্ধ করে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
