আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩ হাজার কোটি টাকা, যেভাবে আবেদন

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩ হাজার কোটি টাকা, যেভাবে আবেদন

অ্যাপলের এআই ফিচার নিয়ে মামলার নিষ্পত্তিতে যোগ্য আইফোন ক্রেতাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার নিয়ে করা মামলার নিষ্পত্তিতে ২৫ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে বিশ্বের সব আইফোন ব্যবহারকারী এই অর্থ পাবেন না। নির্দিষ্ট মডেলের আইফোন নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্রে কিনেছেন—এমন যোগ্য গ্রাহকদেরই এই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে।

মামলাটির অভিযোগ ছিল, নির্দিষ্ট কিছু আইফোন কেনার সময় গ্রাহকেরা সিরির অ্যাপল ইন্টেলিজেন্সের কিছু ফিচার পাওয়ার প্রত্যাশা করেছিলেন, কিন্তু সেগুলো প্রত্যাশিতভাবে পাননি। অ্যাপল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রস্তাবিত নিষ্পত্তিও অ্যাপলের কোনো ভুল বা আইনভঙ্গের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হবে না।

এই নিষ্পত্তির আওতায় রয়েছে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ সিরিজের সব মডেল—আইফোন ১৬, ১৬ই, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স। যোগ্য হতে হলে এসব ডিভাইস ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে কিনতে হবে। ক্রেতাকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হতে হবে এবং ফোনটি পুনর্বিক্রয়ের জন্য কেনা হলে তা এই নিষ্পত্তির আওতায় পড়বে না।

যোগ্য গ্রাহকেরা প্রতি ডিভাইসের জন্য প্রাথমিকভাবে ২৫ ডলার পাবেন। তবে মোট বৈধ দাবির সংখ্যা ও নিষ্পত্তি তহবিল থেকে বিভিন্ন খরচ বাদ দেওয়ার পর এই অর্থের পরিমাণ বাড়তে বা কমতে পারে। সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

এই টাকা পেতে হলে যোগ্য গ্রাহককে নিজে অনলাইনে একটি বৈধ Claim Form জমা দিতে হবে। আবেদনের সময় বর্তমান যোগাযোগের তথ্য দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তিনি যোগ্য আইফোনটি কিনেছিলেন ও কেনার সময় নির্দিষ্ট সিরি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার পাওয়ার প্রত্যাশা করেছিলেন। পাশাপাশি ফোনটি কেনা বা মালিকানার তথ্য দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে।

আবেদন করা যাবে অফিসিয়াল Smartphone AI Settlement ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬। এই সময়ের মধ্যে বৈধ দাবি জমা না দিলে নিষ্পত্তি তহবিল থেকে অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।

ফোনের সিরিয়াল নম্বর প্রয়োজন হলে সেটি আইফোন থেকেই বের করা যাবে। এজন্য Settings থেকে General, এরপর About-এ গেলে Serial Number দেখা যাবে। মূল রসিদ, ইনভয়েস বা ফোনের প্যাকেট থেকেও সিরিয়াল নম্বর পাওয়া যেতে পারে।

তবে এখনই ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়টি চূড়ান্ত নয়। আদালত আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৭ প্রস্তাবিত নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের বিষয়ে শুনানি করবে। আদালত নিষ্পত্তিটি অনুমোদন করলে এবং পরবর্তী কোনো আপিল না থাকলে অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হবে।

অফিসিয়াল তথ্য অনুযায়ী, অ্যাপলের দেওয়া ২৫ কোটি ডলারের পুরো অর্থ সরাসরি গ্রাহকদের মধ্যে ভাগ হবে না। নোটিশ ও প্রশাসনিক ব্যয়, কর, আইনজীবীদের ফি, মামলা-সংক্রান্ত খরচসহ অনুমোদিত অন্যান্য অর্থ এই তহবিল থেকে বাদ যাবে। এরপর বৈধ দাবি করা গ্রাহকদের মধ্যে নির্ধারিত নিয়মে অর্থ বিতরণ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page