নওগাঁর সাপাহারে অবৈধ কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস
সাপাহারের মহিষডাঙ্গা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করে ধ্বংস করা হয়।
নওগাঁর সাপাহারে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিষডাঙ্গা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছয়টি কারেন্ট জাল ও একটি অবৈধ রিং জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার বিভিন্ন বিল, খাড়ি ও নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী রিং জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ রয়েছে। এসব নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের বিভিন্ন খাড়ি, মহিষডাঙ্গা খাড়ি এবং পুনর্ভবা নদীতে এসব অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ রয়েছে। এ কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে নিষিদ্ধ জাল পাওয়া গেলে সেগুলো উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মাধ্যমে নিষিদ্ধ জালের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাপাহারের বিভিন্ন জলাশয় ও নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
