জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা

২০২৭ সালের ২৩ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সমাবর্তন আয়োজন নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সভায় সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি সমাবর্তন ব্যবস্থাপনা কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দীর্ঘ সময় পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন ও সাফল্যের স্বীকৃতি। বিপুলসংখ্যক শিক্ষার্থীর প্রত্যাশা বিবেচনায় নিয়ে আয়োজনটিকে সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দ্বিতীয় সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনে কে বক্তা থাকবেন, কোন কোন শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং নিবন্ধন কীভাবে হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দেশের প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এবারের সমাবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে। প্রায় ১০ বছর পর দ্বিতীয়বারের মতো সমাবর্তন আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, বিপুলসংখ্যক গ্র্যাজুয়েটের অংশগ্রহণে সমাবর্তনটি বড় পরিসরে অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর আয়োজন হওয়ায় এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অর্জন উদ্‌যাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতাও হয়ে উঠবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page