ইবতেদায়ী মাদ্রাসার অনুদানের তালিকা থেকে বাদ ৪৭১ শিক্ষক, নেপথ্যে কারণ কি

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
ইবতেদায়ী মাদ্রাসার অনুদানের তালিকা থেকে বাদ ৪৭১ শিক্ষক, নেপথ্যে কারণ কি

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার খসড়া তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের খসড়া তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এতে আগের তালিকায় থাকা ৪ হাজার ৭১১ জন শিক্ষকের মধ্যে ৪৭১ জনের নাম বাদ পড়েছে। বাদ পড়া শিক্ষকদের বিষয়ে মতামত ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রমাণক জমা দিতে নির্ধারিত সময়ে ডেকেছে অধিদপ্তর।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন পর্যন্ত ৪ হাজার ৭১১ জন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক অনুদান পেয়ে আসছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন শিক্ষকের তথ্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে সন্দেহ তৈরি হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশে বিষয়টি যাচাই-বাছাই করে অধিদপ্তর।

এর ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই শেষে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ৪ হাজার ২৪০ জন শিক্ষকের নাম রাখা হয়েছে। আগের তালিকার তুলনায় ৪৭১ জন শিক্ষক এতে বাদ পড়েছেন।

অধিদপ্তর জানিয়েছে, বাদ পড়া শিক্ষকদের তিনটি কারণে নতুন তালিকায় রাখা হয়নি। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে পরিচালিত হলেও সম্প্রতি দাখিল স্তরে উন্নীত হয়েছে। এসব প্রতিষ্ঠানে দাখিল স্তর চালু হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের নাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানভুক্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, শূন্য অনুদানভুক্ত তালিকায় থাকা কিছু শিক্ষকের নামও প্রকাশিত খসড়া তালিকায় রাখা হয়নি। এ ছাড়া ২০২৩-২৪ সালে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তৈরি করা তালিকায় ভুল থাকায় সেখান থেকে কিছু শিক্ষকের নাম বাদ পড়েছে।

তবে তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি চূড়ান্ত নয় বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বাদ পড়া শিক্ষকরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে তাঁদের বক্তব্য বা মতামত জানাতে পারবেন। এ সময় তাঁদের কাছে থাকা উপযুক্ত দাপ্তরিক প্রমাণকও জমা দেওয়ার সুযোগ থাকবে।

অধিদপ্তর সূত্র জানায়, বিভাগভিত্তিক নির্ধারিত তারিখে বাদ পড়া শিক্ষকদের ডাকা হচ্ছে। তাঁদের বক্তব্য ও নথিপত্র যাচাইয়ের পর প্রয়োজন হলে তালিকায় সংশোধন আনা হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রকাশিত তালিকাটি খসড়া। এটি নিয়ে যাচাই-বাছাই চলছে এবং শিক্ষকদের ডেকে তাঁদের মতামত নেওয়া হচ্ছে। পরে বিষয়টি পর্যালোচনা করে তালিকা সংশোধন করা হবে।

গত ১৬ সেপ্টেম্বর অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত নোটিশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা নিয়ে কোনো শিক্ষকের আপত্তি, মতামত বা উপযুক্ত দাপ্তরিক প্রমাণক থাকলে তা নির্ধারিত সময়ে দাখিলের জন্য নোটিশে বলা হয়েছে।

ফলে বর্তমানে প্রকাশিত ৪ হাজার ২৪০ জনের তালিকাকে চূড়ান্ত তালিকা হিসেবে ধরা হচ্ছে না। বাদ পড়া শিক্ষকদের বক্তব্য ও দাপ্তরিক কাগজপত্র যাচাইয়ের পর প্রয়োজনীয় সংশোধন করা হলে অনুদানভুক্ত শিক্ষকদের চূড়ান্ত তালিকায় পরিবর্তন আসতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page