বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই

প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু আর নেই।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থাপক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম রবু মারা গেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজশাহীর এক সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া রেজাউল করিম রবুর দীর্ঘ কর্মজীবনজুড়ে দেশের টেলিভিশন ও সংগীত অঙ্গনে ছিল নানা গুরুত্বপূর্ণ অবদান।

রেজাউল করিম রবুর জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে মুক্তিযুদ্ধের সময় তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করেন তিনি। তাঁর কণ্ঠ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখে।

মুক্তিযুদ্ধে তাঁর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতিও রয়েছে। ২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই গেজেটে রাজশাহী জেলার তালিকায় ‘মো. রেজাউল করিম (রবু)’ নামে তাঁর নাম রয়েছে।

বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান প্রযোজনার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেন রেজাউল করিম রবু। পরে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান তিনি।

বিটিভিতে কর্মরত অবস্থায় দর্শকপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। অবসরের পর তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে বৈচিত্র্যময় অনুষ্ঠান, সংস্কৃতিভিত্তিক আয়োজন, উৎসবকেন্দ্রিক অনুষ্ঠানসহ বিভিন্ন নতুন ধারার অনুষ্ঠান নির্মাণে কাজ করেন।

দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান নির্মাণ ও ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা দেশের টেলিভিশন অঙ্গনকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। তাঁদের স্মৃতিতে রেজাউল করিম রবু ছিলেন কর্মক্ষেত্রে নিয়মানুবর্তী এবং ব্যক্তিগত জীবনে স্নেহশীল ও দায়িত্বশীল একজন মানুষ।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংস্কৃতিজনেরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রেজাউল করিম রবুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page