বাবাকে হারিয়ে সালমার আবেগঘন পোস্ট, ‘আমার আব্বা আর নেই’
বাবা ফজলুল হকের মৃত্যুর খবর জানিয়েছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা
জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন এই শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।’ বাবার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
তবে ফজলুল হকের মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। একইভাবে কখন ও কোথায় জানাজা এবং দাফন হবে, সে বিষয়েও এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
এদিকে বাবাকে হারানোর এই শোকের মধ্যেই সালমার নতুন গান প্রকাশের কথা রয়েছে। রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে সালমার সঙ্গে সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজও কণ্ঠ দিয়েছেন। গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এটি প্রকাশের কথা রয়েছে।
এর আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ করেছেন সালমা। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত গানটির ভিডিওচিত্র দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।
এ ছাড়া সংগীতাঙ্গনে দীর্ঘ বিরতির পর সম্প্রতি লালনগীতির একটি নতুন গানেও কণ্ঠ দিয়েছেন সালমা। গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের গানটির রেকর্ডিং শেষ করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।
বাবার মৃত্যুর সংবাদে সালমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংগীতাঙ্গনের সহকর্মীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টের নিচে অনেকে শোক ও সমবেদনা জানিয়েছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
