সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় পরিবর্তন, বাড়ছে যেসব ভাতা

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় পরিবর্তন, বাড়ছে যেসব ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধায় পরিবর্তনের প্রস্তাব

নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতা বাড়ানোর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে ঝুঁকি ও বিশেষ ভাতাও বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে কমছে বাংলা নববর্ষের ভাতা।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির কাজ করছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপনটি শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।

নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পাওয়ার কথা রয়েছে।

চিকিৎসা ভাতাতেও পরিবর্তন আনা হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে এই ভাতার পরিমাণও বাড়বে। ৫০ বছর পর্যন্ত মাসে ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও তার নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৩ ও ৪-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

এবার সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। গ্রেড-৫ ও তার ঊর্ধ্বের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচের গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে এ ভাতা পাবেন।

যাতায়াত ভাতাও দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ৩০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা বাড়িয়ে ৬০০ টাকা করা হবে। পাশাপাশি টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে মাসে ৩ হাজার টাকা ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসবে।

তবে বাংলা নববর্ষের ভাতা কমছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।

ঝুঁকি ও বিশেষ ভাতাতেও পরিবর্তন আসছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণের পাশাপাশি ক্ষেত্রবিশেষে ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ও উৎসব ভাতা আগের হারেই বহাল থাকবে।

পাহাড়ি এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরতদের জন্যও মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতো থাকবে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

পেনশন ও গ্র্যাচুইটিতেও পরিবর্তন আনার উদ্যোগ রয়েছে। ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণের কথা রয়েছে।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ভাতাতেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ রয়েছে।

সব মিলিয়ে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও মোবাইল ভাতায় পরিবর্তন আসবে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নতুন সুবিধা, পাহাড়ি ও দুর্গম এলাকায় কর্মরতদের ভাতা এবং পেনশন কাঠামোতেও পরিবর্তনের প্রভাব পড়বে। তবে এসব প্রস্তাবের চূড়ান্ত বাস্তবায়ন প্রজ্ঞাপন জারির পরই কার্যকর হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page