আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার: সারজিস আলম

প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার: সারজিস আলম

বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। বাংলাদেশে তাদের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে। তবে বিএনপিকে আলাদাভাবে বিবেচনা করা হলেও তাদের কোনো অন্যায়ের বিষয়ে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপির ক্ষেত্রে তাদের অবস্থান আলাদা হলেও কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের প্রতিবাদ করা হবে।

আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, তাকে সরকারি আইনি সহায়তা দেওয়া উচিত। একই সঙ্গে বর্তমান সরকারকে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনার লাগাম টানতে হবে। ভোটের সমীকরণের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তা করলে তা রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সারজিস আলম বলেন, কোনো সংকট তৈরি হলে তার প্রভাব সব রাজনৈতিক দলের ওপর পড়বে। বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকায় সংকট মোকাবিলার দায়িত্ব তাদের ওপরই বেশি বর্তায়।

তিনি আরও বলেন, বিএনপি ও বিচার বিভাগ যদি এসব বিষয়ে যথাযথ শাস্তি নিশ্চিত না করে, তাহলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে সারজিস আলম বলেন, জাতীয় সংকট মোকাবিলায় বিএনপিকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। তবে উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কেনা এবং সিন্ডিকেটের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে জবাবদিহি প্রয়োজন।

তিনি বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে যে সমস্যা তৈরি হচ্ছে, সেটিকে অরাজকতা হিসেবে দেখিয়ে বিরোধীদের দমন করার রাজনীতি জনগণ আর গ্রহণ করবে না।

অনুষ্ঠানে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন স্বাগত বক্তব্য দেন। রাজনৈতিক কর্মশালা বিষয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। এছাড়া যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ অন্য নেতারা বক্তব্য দেন।

পরে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page