চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশি
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নেবেন তিনি। এরপর রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন বাংলাদেশের এই কূটনীতিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শপথ গ্রহণের আগে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। পরে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। এ পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বক্তব্য দেবেন।
এ অধিবেশনে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনা হবে।
এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।
নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
চার দশক পর আবারও একজন বাংলাদেশি জাতিসংঘের সবচেয়ে বড় বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
