সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন

প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন

আজ থেকে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়া শুরু হচ্ছে আজ সোমবার (৭ সেপ্টেম্বর)। টাকা ফেরতের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়। রোববার পর্যন্ত গ্রাহকরা নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিয়েছেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা তা প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। পরে আবেদন অনুযায়ী প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। এরপর গ্রাহকরা নিজ নিজ শাখা বা উপশাখা থেকে তাদের জমা টাকার মূল অংশ ফেরত নিতে পারবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা দিয়েছে। ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণ শুরুর পর ছয় দিনে প্রায় ৭৫ হাজার গ্রাহক টাকা ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনে গ্রাহকদের চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

তবে আপাতত আমানতের পুরো অর্থ নয়, শুধু মূল টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমানতের বিপরীতে গ্রাহকদের অর্জিত মুনাফা এখনই দেওয়া হচ্ছে না। মুনাফার অর্থ পরবর্তী সময়ে পরিশোধ করা হবে বলে ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে অবশ্য এই মুহূর্তে একই সুবিধা থাকছে না। ঘোষিত স্কিমের বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা এখনই তাদের অর্থ উত্তোলন করতে পারবেন না। ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতের নিয়মে পার্থক্য থাকছে।

টাকা ফেরতের জন্য দেওয়া আবেদনপত্রে গ্রাহকদের কয়েকটি তথ্য উল্লেখ করতে হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা উত্তোলন করতে চান এবং অর্থ উত্তোলনের কারণ। এসব তথ্যের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতকারীর সংখ্যা প্রায় ৭৬ লাখ। এসব গ্রাহকের মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট মূলধন ধরা হয়েছে ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে।

বর্তমানে ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যাংকটির গ্রাহকদের মধ্যে অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। আবেদন করা গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট শাখায় পৌঁছানোর পর সেখান থেকেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

সূত্র: Jagonews24

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page