তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা অর্থায়ন কর্মসূচি
দেশের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচন করে তাদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এই উদ্যোগের আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এই অর্থের মধ্যে থাকবে ঋণ এবং শর্তসাপেক্ষ অনুদান।
প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলায় এ কর্মসূচি চালু করা হবে। কার্যক্রম সফল হলে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে।
উদ্যোক্তারা যেভাবে পাবেন অর্থ
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ব্যবসার ধরন ও প্রয়োজন বিবেচনা করে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। নির্বাচিত উদ্যোক্তারা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন।
উদ্যোক্তার ব্যবসার খাত অনুযায়ী পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনো সহায়ক জামানত দেওয়ার প্রয়োজন হবে না।
এ ছাড়া অর্থায়নের একটি অংশ অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে দেওয়া হবে। অনুদানের অর্থ নির্ধারিত কাজে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না। তবে অর্থ নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার করা হলে সেটি ঋণে পরিণত হবে।
কর্মসূচির শুরুতেই অনুদানের একটি অংশ উদ্যোক্তাদের দেওয়া হবে। বাকি অর্থ আলাদা হিসাবে সংরক্ষণ করা হবে। উদ্যোক্তার ঋণ পরিশোধের আগ্রহ ও মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
কারা পাবেন এই সহায়তা
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভার কার্যবিবরণী অনুযায়ী, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে অনেক তরুণের ব্যবসার সম্ভাবনাময় ধারণা থাকলেও প্রাথমিক মূলধন, ব্যবসায়িক পরামর্শ, প্রয়োজনীয় যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে তারা উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না।
এই সমস্যা দূর করতেই সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। আবেদন যাচাই-বাছাই ও সংক্ষিপ্ত তালিকা তৈরির পর উদ্যোক্তা নির্বাচন করা হবে।
উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, প্রকৃত অর্থের প্রয়োজন এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।
প্রতিটি জেলায় থাকবে দায়িত্বপ্রাপ্ত ব্যাংক
কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি জেলায় একটি ব্যাংক দায়িত্ব পালন করবে। তবে উদ্যোক্তা নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, সংশ্লিষ্ট ব্যাংক ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।
উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা মূল্যায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে এই কর্মসূচির আওতায়।
অর্থায়ন পাবেন ৫ হাজার ৩০ উদ্যোক্তা
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়নে ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক এবং বাকি ২৫০ কোটি টাকা জোগান দেবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো। পাশাপাশি তহবিলের একটি অংশ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকেও আসবে।
উদ্যোক্তা তৈরিতে হবে প্রশিক্ষণ ও সহায়তা
কর্মসূচির আওতায় শুধু অর্থায়ন নয়, উদ্যোক্তা খোঁজা, আবেদন যাচাই, সভা-সেমিনার, কর্মশালা আয়োজন এবং ব্যবসায়িক ধারণা মূল্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রমের ব্যয় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই তহবিল থেকে বহন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের নতুন ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
