এক ক্লিকেই ৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
এক ক্লিকেই ৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

এক ক্লিকেই সর্বনাশ! মোবাইল হ্যাক করে উধাও ৯ লাখ টাকা

সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে পাঠানো একটি ফিশিং লিংকে ক্লিক করে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এক ব্যক্তি। পরে ফোনের নিয়ন্ত্রণ ফিরে পেলেও এর মধ্যেই তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবায় সরিয়ে নেওয়া হয়েছে ৯ লাখ ৮৬ টাকা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার দিবাগত রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও মো. সাগর হোসেন (২৮)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে বিষয়টি জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ।

সফটওয়্যার আপডেটের নামে প্রতারণা

সিআইডি জানায়, গত ২ জুন ভুক্তভোগীর মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি মেসেজ আসে। মেসেজে থাকা একটি লিংকে প্রবেশ করার পর ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে।

একপর্যায়ে ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি ফোনের নিয়ন্ত্রণ নিতে পারেননি।

পরে ফোনের ডিসপ্লে চালু হলে বিভিন্ন মেসেজ দেখে তিনি জানতে পারেন, তার ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর করা হয়েছে।

পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে তিনি দেখতে পান, বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবায় মোট ৯ লাখ ৮৬ টাকা পাঠানো হয়েছে।

পল্টন থানায় মামলা

এ ঘটনায় ভুক্তভোগী গত ৪ জুন রাজধানীর পল্টন থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডির সাইবার পুলিশ সেন্টারের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে ব্যাংক থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রংপুরে অভিযান চালায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম।

রংপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার

সিআইডি জানায়, রাত ১টা ১৫ মিনিটে রংপুরের ডিসি বাংলোর মোড়সংলগ্ন গোমস্তাপাড়া এলাকা থেকে শাহীদ আল ইমরান সৌরভকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে ২টা ৩৫ মিনিটে হনুমানতলা-চিকলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. সাগর হোসেনকে।

গ্রেপ্তারের সময় শাহীদ আল ইমরানের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের তিনটি চেক বই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড, একটি সিম্ফনি বাটন ফোন এবং একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আন্তর্জাতিক প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগের তথ্য

সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সাগর হোসেন জানিয়েছেন, ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তিনি একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

ওই চক্র বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণ করত বলে জানিয়েছে সিআইডি।

প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা পরে উত্তোলন করে অনলাইনের মাধ্যমে দেশের বাইরে থাকা সহযোগীদের কাছে পাঠানো হতো। এর বিনিময়ে তারা কমিশন পেতেন।

সিআইডির প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুই ব্যক্তির এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

চক্রের অন্য সদস্যদের খোঁজ চলছে

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে। প্রতারণার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি চক্রটির দেশি-বিদেশি অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার নতুন নতুন কৌশল তৈরি করছে অপরাধীরা। তাই সাধারণ মানুষকে আরও সতর্ক থাকতে হবে।

অপরিচিত লিংকে ক্লিক না করার পরামর্শ

সিআইডি জানিয়েছে, সফটওয়্যার আপডেট, পুরস্কার, চাকরি, ব্যাংকিং সেবা কিংবা অন্য কোনো প্রলোভন দেখিয়ে পাঠানো অপরিচিত লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

সন্দেহজনক কোনো মেসেজ বা লিংক পেলে দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

সূত্র: channel24bd

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page