আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ লক্ষ্যে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে বলে বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, সাবেক যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

দুদকের প্রাথমিক তথ্য অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আসিফ মাহমুদের বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অধীনে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন পদায়নের আদেশ দেওয়ার বিনিময়ে ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের স্থানে পদায়ন নিশ্চিত করতে আরও ২ কোটি টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে।

চার সদস্যের অনুসন্ধান দল

দুদক সূত্রে জানা গেছে, উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দলের অন্য সদস্যরা হলেন— সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসেন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।

দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এটিই দুদকের প্রথম অনুসন্ধান কার্যক্রম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page