সরকারি চাকরিজীবীদের সুখবর, ৯ম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের সুখবর, ৯ম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

৯ম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর ধরা হবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

প্রজ্ঞাপন জারিতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন (গ্রেড-২০) ৮ হাজার ২৫০ টাকা। নতুন প্রস্তাবিত বেতন কাঠামোতে বেতন গড়ে ১০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

নতুন পে-স্কেলের বাস্তবায়ন হলে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page