বয়সের বিশাল ব্যবধান, তবু প্রেম মামুনুর রশীদ প্রিসিলার ছবি নিয়ে রহস্য

প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
বয়সের বিশাল ব্যবধান, তবু প্রেম মামুনুর রশীদ প্রিসিলার ছবি নিয়ে রহস্য

ভাইরাল হওয়া ছবির নেপথ্যে রয়েছে নতুন নাটক ‘আমরা ভাইরাল’-এর গল্প।

সুইমিংপুলের নীল পানিতে পা ডুবিয়ে পাশাপাশি বসে আছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ও তরুণী অভিনেত্রী প্রিসিলা ডি কস্তা। একপর্যায়ে মামুনুর রশীদকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দেন প্রিসিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি দেখে প্রথমে অনেকের মনেই তৈরি হয় নানা প্রশ্ন। কেউ কেউ এমনও ধারণা করেন, তারা হয়তো অসম বয়সী কোনো প্রেমিক জুটি।

সম্প্রতি ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন প্রিসিলা ডি কস্তা। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল। এমনকি মামুনুর রশীদ নতুন করে বিয়ে করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

তবে ভাইরাল হওয়া ছবির নেপথ্যের গল্প একেবারেই ভিন্ন। বাস্তব জীবনে নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, বিয়েও করেননি। মূলত একটি ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণের সময় তোলা ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। গল্পে সাম্প্রতিক সময়ে আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন চরিত্র ও ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তাঁর বিপরীতে অভিনয় করছেন প্রিসিলা ডি কস্তা।

নাটকের গল্পে মামুনুর রশীদের চরিত্রটি নিজের চেয়ে অনেক কম বয়সী এক তরুণীর প্রেমে পড়েন। একপর্যায়ে পরিবারের আপত্তি উপেক্ষা করে ওই তরুণী তাঁর হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কনটেন্ট তৈরি করতে থাকেন তারা। শুরুতে তাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হলেও সময়ের সঙ্গে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

আল আমিন স্বপনের গল্পে নাটকটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে নির্মাতা জানান, সুইমিংপুলে মামুনুর রশীদ ও প্রিসিলার ছবিটি তাঁর নির্মিত নাটকেরই একটি দৃশ্য। ছবির নেপথ্যের ঘটনা না জেনেই অনেকে নানা ধরনের মন্তব্য করায় তিনি বিস্মিত হয়েছেন।

নাটকের গল্প প্রসঙ্গে সাজিন আহমেদ বাবু বলেন, সমাজে আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্রকে কেন্দ্র করেই নাটকটি নির্মিত হয়েছে। এতে তরুণ ও অভিজ্ঞ—দুই প্রজন্মের শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে কিছু সামাজিক বক্তব্যও তুলে ধরা হয়েছে।

‘আমরা ভাইরাল’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মামুনুর রশীদ জানান, গল্পটি তাঁর কাছে বেশ ভিন্নধর্মী মনে হয়েছে। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক দিন পর এমন একটি গল্পে অভিনয় করে ভালো লেগেছে বলেও জানান তিনি। তাঁর আশা, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং হাসির পাশাপাশি গল্পের বক্তব্যও গ্রহণ করবেন।

নাটকটিতে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ আ সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।

নির্মাতা জানিয়েছেন, ‘আমরা ভাইরাল’ নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনুর রশীদ ও প্রিসিলার যে ছবি নিয়ে এত আলোচনা, সেটির আসল গল্প এখন পরিষ্কার—এটি বাস্তব জীবনের কোনো সম্পর্কের ছবি নয়, বরং নাটকের একটি দৃশ্য।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page