মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ
মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অভিযোগ ওঠা শিক্ষার্থী হলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ৬৩ ব্যাচের শিক্ষার্থী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র মুবিন খান গৌরব।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহাদি বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে একটি চক্র কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।
শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তের ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাবে না।
এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি জানান, ওই শিক্ষার্থী তার ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে একটি মুচলেকা দিয়েছে এবং পরে হলের বাইরে চলে গেছে।
বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ধর্মীয় অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত ও পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
