নেদারল্যান্ডসের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
নেদারল্যান্ডসের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

মেয়েদের হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ও ফেভারিট নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের মুকুট জিতেছে দলটি।

নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর শিরোপা নির্ধারণে গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনা ৩-১ গোলে জয় তুলে নেয়।

ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৩০ মিনিটে গোল করে দলটিকে এগিয়ে দেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইয়িব্বি ইয়ানসেন। পুরো আসরে এটি ছিল তার অষ্টম গোল।

তবে পিছিয়ে থেকেও লড়াই চালিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৪ মিনিটে মারিয়া গ্রানাত্তো গোল করে সমতা ফেরান। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শুটআউটে।

শুটআউটে আর্জেন্টিনার খেলোয়াড়রা ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগান। অন্যদিকে নেদারল্যান্ডস ব্যর্থ হওয়ায় শেষ হাসি হাসে আর্জেন্টিনা।

এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো মেয়েদের হকি বিশ্বকাপের শিরোপা জিতল। এর আগে ২০০২ ও ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল আর্জেন্টিনা।

চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার সেই হারের জবাব দিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল দলটি।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম। ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন শার্লট অঁগ্লেবার।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page